বাংলাদেশ পুলিশে বিশাল আকারের জনবল নিয়োগের দীর্ঘ প্রতীক্ষিত প্রশাসনিক জটিলতাগুলো অবসান হয়েছে। সরকার নতুন করে ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির প্রয়োজনীয় সব দাপ্তরিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এই ১৪ হাজার নতুন সদস্য নিয়োগের পথে আর কোনো বাধা অবশিষ্ট নেই। ফলে পুলিশ বাহিনী এখন যেকোনো সময় আনুষ্ঠানিক নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।
দীর্ঘদিন ধরে পুলিশে যোগদানের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। এসআই পদের নিয়োগসংক্রান্ত পুলিশ প্রবিধান বা পিআরবি সংশোধন করা হয়েছে। এবারই প্রথমবারের মতো পুরো ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের বিধান রাখা হয়েছে। এর আগে এসআই পদের ৫০ শতাংশ সরাসরি নিয়োগ এবং বাকি ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। পাশাপাশি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর–আল–নাসীফ জানান, অনুমোদনের সব প্রক্রিয়া শেষ হওয়ায় এখন নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে। এদিকে, কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তির বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।
নিয়োগের সংখ্যা বিষয়ে কামারুম মুনিরা জানান, বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। বিদ্যমান পরিস্থিতির ওপর ভিত্তি করে চলমান এই বিজ্ঞপ্তির মাধ্যমেই শূন্য পদের পাশাপাশি নতুন অনুমোদিত পদের মধ্য থেকে ৪ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বর্তমান প্রক্রিয়াটিতে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন অনুমোদিত পদের বাকি ৬ হাজার কনস্টেবল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। এতে আগের তুলনায় প্রার্থীদের প্রতিযোগিতার হার অনেক কমবে। গত এপ্রিলের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩ পদের জন্য আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী, যেখানে প্রতি পদের জন্য ৪৭ জন লড়েছিলেন। নতুন পদসংখ্যা বাড়ায় এবার প্রতি পদের জন্য গড়ে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩০ অক্টোবর আবেদন শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ ছিল না।
পুলিশ বাহিনীতে কনস্টেবল ও এসআই নিয়োগে কঠোর যাচাই-বাছাই পদ্ধতি অনুসরণ করা হয়। কনস্টেবল পদে প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার ধাপ পেরোতে হয়। একইভাবে এসআই পদের ক্ষেত্রে শারীরিক যাচাই, দৌড়, লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা এবং সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। উভয় ক্ষেত্রেই মেধা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। কোনো পর্যায়েই ভুল বা ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
একজন এসআই সাধারণত মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ এবং ফৌজদারি মামলার তদন্ত পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আসামি গ্রেপ্তারেও তাদের সরাসরি ভূমিকা থাকে। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, দশম গ্রেডের এসআই পদে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা, যা সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হয়। অন্যদিকে, ১৭তম গ্রেডের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা, যা সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। দেশের মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে সাব–ইন্সপেক্টর (এসআই) ও কনস্টেবল দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।
মূল বেতনের পাশাপাশি এসআই ও কনস্টেবল উভয় পদেই এলাকাভেদে বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতা দেওয়া হয়। এ ছাড়া বিনা মূল্যে পোশাক, স্বল্প মূল্যে রেশনের সুবিধা, উন্নত চিকিৎসা ও প্রশিক্ষণের সময় নির্ধারিত ভাতাও পান সদস্যরা। যোগ্যতার ভিত্তিতে উভয় পদেই ভবিষ্যতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ বিদ্যমান রয়েছে।

