দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি কোজো তাশিমা। আগামী মার্চ মাসে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার দীর্ঘদিনের বিরোধিতার প্রেক্ষাপটে তাদের সমর্থনেই তাশিমা প্রার্থী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফিফার সদস্যপদ পাওয়া দেশগুলোর মধ্যে অন্তত পাঁচটির মনোনয়ন নিশ্চিত করা যেকোনো প্রার্থীর জন্য বাধ্যতামূলক। এ ক্ষেত্রে তাশিমার সমর্থন আদায়ে কোনো বেগ পেতে হবে না বলে মনে করা হচ্ছে। এর আগে সাবেক টটেনহাম তারকা রামন ভেগা নির্বাচনে লড়ার ঘোষণা দিলেও প্রয়োজনীয় সমর্থন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জাপানের সংবাদমাধ্যম স্পোর্টস নিপ্পনকে তাশিমা জানান, জাপানি ফুটবলের সততা, নৈতিকতা ও সুস্থ মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরাই তার মূল লক্ষ্য।

