ফ্রান্সের সিনেট নির্বাচনে ন্যাশনাল র‌্যালির ঐতিহাসিক সাফল্য

ফ্রান্সের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। সদ্য সমাপ্ত সিনেট নির্বাচনে দলটি ও তাদের মিত্ররা রেকর্ড ১৪টি আসন নিশ্চিত করেছে। এই ফলাফলের মাধ্যমে ৩৪৮ সদস্যের উচ্চকক্ষে দলটির আসনসংখ্যা প্রায় চার গুণ বৃদ্ধি পেল। নির্বাচনের পর আরএনের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লা পেন একে দলের জন্য এক ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, প্রাপ্ত ভোটের ফলাফল দলের নিজস্ব প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এর ফলে সিনেটে প্রথমবারের মতো নিজস্ব সংসদীয় গ্রুপ তৈরির প্রয়োজনীয় ১০ আসনের সীমা অতিক্রম করেছে দলটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স।

নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে ন্যাশনাল ফ্রন্ট নামে পরিচিত থাকার সময় দলটি প্রথমবার সিনেটে মাত্র দুটি আসন পেয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের নির্বাচনে তারা তিনটি আসন অর্জন করে। এবারের ফলাফলে নতুন করে নয়জন এবং আগের তিনজনকে মিলিয়ে দলটির মোট সিনেটরের সংখ্যা দাঁড়াল ১২ জন। আরএনের সভাপতি জর্ডান বারদেলা জানিয়েছেন, দলটির আইনপ্রণেতারা এরিক সিওতির নেতৃত্বাধীন ইউনিয়ন অব দ্য রাইট ফর দ্য রিপাবলিক (ইউডিআর) দলের মিত্রদের সঙ্গে যৌথভাবে সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, কট্টর ডানপন্থিদের সঙ্গে জোট গড়ার আহ্বানে সাড়া দিয়ে ২০২৪ সালে সিওতি তার পুরনো দল ডানপন্থি রিপাবলিকান পার্টি (এলআর) থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন।

সিনেটের বিদ্যমান রাজনৈতিক সমীকরণে ৭৭ বছর বয়সী জেরার্ড লারশে এক দশকেরও বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। রিপাবলিকান পার্টির এই নেতা আগামী সপ্তাহে পুনরায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ডানপন্থি, মধ্যপন্থি এবং সোশ্যালিস্ট পার্টির মতো প্রধান শক্তিগুলো সিনেটে তাদের আগের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে নতুন চমক হিসেবে কট্টর বামপন্থি ফ্রান্স আনবোওড পার্টি প্রথমবারের মতো সিনেটে একটি আসন অর্জন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অর্জিত এই সাফল্য আরএনের জন্য বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী এপ্রিলে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থি বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পদ ছাড়ার পর ক্ষমতায় যাওয়ার বড় সুযোগ দেখছে লা পেনের দল। এর আগে ২০২৪ সালে ম্যাক্রনের ডাকে আগাম জাতীয় পরিষদ নির্বাচনে দলটি নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল, যদিও তখন তারা সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ দূরে ছিল। প্রতিটি সিনেটর স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ছয় বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি তিন বছর অন্তর সিনেটের অর্ধেক আসনের ভোট গ্রহণ করা হয়। ওই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার এটিই এ পর্যন্ত নিজের সবচেয়ে ভালো সুযোগ বলে বিবেচনা করছেন লা পেন।