বড়লেখায় বিজিবির সঙ্গে গোলাগুলি: অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ১০টার দিকে কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। গোলাগুলির এক পর্যায়ে অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও বলাই দাস নামের এক ভারতীয় নাগরিককে আহতাবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যেই ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।