বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে ২৪ লাখ ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শ্বাসপ্রশ্বাসে সহায়তা করার যন্ত্র, গুরুতর অপুষ্টির শিকার শিশুদের জন্য বিশেষ থেরাপিউটিক খাবার এবং টিকার গুণমান ও কার্যকারিতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
সহায়তার অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই এবং ইউনিসেফের যৌথ ব্যবস্থাপনায় এসব সরঞ্জাম ও উপকরণ দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই উদ্যোগটি ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের একটি অংশ, যা অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থাকে সুদৃঢ় করতে সাহায্য করবে। এছাড়া দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

