সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘বিরোধ’। পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটিতে অভিনয় করছেন নন্দিত চিত্রনায়ক সুব্রত। নাটকে একজন বাবার চরিত্রে দেখা যাচ্ছে তাকে। সুব্রত জানান, এর আগে নির্মাতা দোদুলের তিনটি ধারাবাহিক নাটকে তিনি কাজ করেছেন। গত মাস থেকে নাটকটির প্রচার শুরু হওয়ার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখন বিটিভির অনুষ্ঠান ইউটিউবে নিয়মিত আপলোড হওয়ায় দর্শকপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেকটাই বেড়েছে বলে তিনি মনে করেন।
নাটকটিতে শিউলী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। তিনি জানান, দোদুলের পরিচালনায় অতীতে একটি একক নাটকে কাজ করেছিলেন তিনি। ‘বিরোধ’-এর গল্পের সাথে যুক্ত থাকতে পেরে তিনি নির্মাতা দোদুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে শেফালী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী ইমু শিকদার। তিনি বলেন, ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ সাড়া পাচ্ছি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অনেক দর্শক নাটকটি দেখে নিয়মিত যোগাযোগ করছেন এবং তার অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। দর্শকদের এমন ভালোবাসা ও সাড়া তার জন্য অত্যন্ত আনন্দের বলে জানান ইমু।

