৫৬ বছর বয়সে না ফেরার দেশে অভিনেতা মুশতাক খান

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা মুশতাক খান মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৫৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। অভিনেতার ব্যবসায়িক অংশীদার শিবম জানান, আট দিন আগে তার ক্যানসার নতুন করে শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, তার রোগটি শেষ পর্যায়ে পৌঁছেছে।

দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে পার্শ্বচরিত্রে মুশতাক খান ছিলেন এক পরিচিত মুখ। ১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ‘আশিকি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ ও ‘ও মাই গড!’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মেও তার সরব উপস্থিতি ছিল। সাম্প্রতিক সময়ে তাকে ‘স্ত্রী’, ‘বাধাই দো’, ‘স্ত্রী ২’, ‘বনবাস’, ‘বেবি জন’, ‘ধুম ধাম’ ও ‘জাত’ সিনেমায় দেখা গেছে।