রাজধানীর জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে অবস্থিত একটি গণশৌচাগারের অব্যবহৃত কক্ষ থেকে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ওই কিশোরের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তার পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, মরদেহটির কাঁধ থেকে কোমর পর্যন্ত অংশ পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া তার কপালের ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, এই আঘাতের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও অন্য কোনো সম্পৃক্ততা আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিকেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

