মাত্র ১৫ বছর বয়সে বিহার দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী। তবে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি দলের হয়ে মাত্র একটি ম্যাচেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। এরপরই তিনি কাতারের দোহায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে যোগ দিতে রওনা হবেন। তার এই অসাধারণ ব্যাটিং শৈলী এবং ফরম্যাটের প্রতি গভীর বোঝাপড়ার কারণেই নির্বাচকরা তাকে এই স্বল্প সময়ের জন্য হলেও অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার পাটনায় অনুষ্ঠিত নির্বাচকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিহার দলের প্রধান নির্বাচক হরভিন্দর সিং জানান, এই তরুণ খেলোয়াড়ের সাথে আলোচনার পরেই তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। হরভিন্দর সিংয়ের ভাষ্যমতে, প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে রাজি হওয়ার পরেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তবে পরের ম্যাচগুলো থেকে তিনি আর দলের সঙ্গে থাকতে পারবেন না।
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বিহার। এলিট গ্রুপ বি-তে থাকা দলটির এই ম্যাচে নেতৃত্ব দেবেন বৈভব। এরপর ১৬ নভেম্বর তিনি তিলক ভার্মার নেতৃত্বাধীন ভারত ‘এ’ দলের সঙ্গে দোহা রওনা হবেন। ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে ইমার্জিং এশিয়া কাপ চলবে। তার অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক সুরজ কাশ্যপ বিহারের নেতৃত্বভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফির সুপার লিগ শুরু হবে এবং ৬ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরা বৈভব এবারই প্রথম কোনো সিনিয়র দলের দায়িত্ব নিচ্ছেন। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন।

