ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত, আহত স্ত্রী

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রাকচাপায় মো: ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার আহত হয়েছেন। নিহত ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো: আবুল বাশারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ইয়ামিন ও তার স্ত্রী সুমা। পথে ভাদুঘর এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।