ভারতের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের গতি তারকা লকি ফার্গুসন। অকল্যান্ডের ইডেন পার্কে চতুর্থ টি-টোয়েন্টির আগে কিউই শিবিরে এই ইনজুরির আঘাত এসেছে। লকি ফার্গুসনের বদলে নিউজিল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাট ফিশারকে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে ফার্গুসন তার ডান পায়ের কাফ মাসলে অস্বস্তি অনুভব করেন। পরবর্তীতে মেডিকেল স্ক্যানে সেখানে একটি লো-গ্রেড টিয়ার ধরা পড়ে। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাঠে ফেরার জন্য তাকে আরও অন্তত এক সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে।
ইনজুরির তালিকায় ম্যাট হেনরিও
একই ম্যাচে ডান পায়ের কোয়াড্রিসেপে চোট পেয়েছেন আরেক পেসার ম্যাট হেনরি। পরীক্ষার পর তার পেশিতেও লো-গ্রেড টিয়ার পাওয়া গেছে, যা থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে বিশ্রামে রাখার পরিকল্পনা আগেই ছিল।
- লকি ও হেনরির চোটে হতাশা প্রকাশ করে প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “আমরা লকি ও ম্যাটের জন্য ব্যথিত। আন্তর্জাতিক ক্রিকেটে চোট একটি সাধারণ বিষয় হলেও ম্যাচ মিস করা সবসময় কঠিন।”
- কোচ আশা প্রকাশ করেন যে, ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দুই পেসারকেই পূর্ণ শক্তিতে পাওয়া যাবে।
- অন্যদিকে পেসার কাইল জেমিসন বর্তমানে ওয়েলিংটনে থাকবেন এবং ফোর্ড ট্রফির দ্বিতীয় রাউন্ড খেলে সোমবার ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন।
ইতোমধ্যেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি জয় নিশ্চিত করেছে সফরকারী ভারত। শুক্রবার অকল্যান্ডের হাউসফুল ইডেন পার্কে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

