ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউমেদ ইসলামিয়া দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী এলাকার মো. মনির হোসেনের ছেলে। সে কিছুদিন আগে ওই এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, কিছুদিন আগে শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার নানা বাড়িতে বেড়াতে যায়।
অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনাটি শুনেছি।

