অভিনেত্রী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব জয় করেছেন। শনিবার রাতে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে এক বর্ণিল আয়োজনে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। মঞ্চে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউন, অন্যদিকে মিথিলা ছিলেন হালকা নীল ও সিলভার রঙের পোশাকে। বিজয়ী ঘোষণার সময় সেখানে জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও উপস্থিত ছিলেন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ।
সৌন্দর্য প্রতিযোগিতার এই জাতীয় পর্যায়ের সেরার স্বীকৃতি পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা-মা আমাকে উৎসাহ দিয়ে বলেছেন, বিশ্ব জয় করে আসো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, যেন তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন। তার কথায়, আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে। ছোট পর্দার পরিচিত মুখ মাহির আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের কাছে সমাদৃত। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগর তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার আসর বসবে। বিশ্বমঞ্চের সেই লড়াইয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহি। এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্সে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। যা মিস ইউনিভার্সের ইতিহাসে বাংলাদেশের জন্য ছিল প্রথম কোনো বড় সাফল্য। সেই সঙ্গে পিপলস চয়েস বিভাগে শীর্ষস্থান অর্জন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে আনেন। এবার মিথিলার দেখানো পথে বিশ্বমঞ্চে নতুন স্বপ্নের সারথি হিসেবে যোগ দিলেন সামিরা খান মাহি।

