যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অত্যন্ত জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে আয়োজিত এই আসরে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সেরা নায়কের পুরস্কার অর্জন করেছেন। সেই সঙ্গে তার অভিনীত সিনেমা ‘বরবাদ’ সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে। পুরস্কার গ্রহণকালে মঞ্চে শাকিব খানের হাতে সম্মাননা তুলে দেন ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনসহ উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা খোকন ভাইয়ের আমন্ত্রণে এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শাকিব খান। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’।
চলচ্চিত্র ক্যারিয়ারের ২৭ বছর পূর্তি উদযাপনের বিষয়টি আবেগপূর্ণভাবে উল্লেখ করেন শাকিব খান। তিনি জানান, ২৭ বছর আগে শুরু হওয়া পথচলার রজত জয়ন্তী পার করার পর এমন সম্মাননা পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের। দর্শকই তার এগিয়ে চলার প্রধান শক্তি এবং বাংলা সিনেমা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছে বলেই তিনি মনে করেন। শাকিব খান এই অনুষ্ঠানে কেবল পুরস্কার গ্রহণই করেননি, বরং ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের মতো গুণী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সুযোগ পাওয়ায় নিজের তৃপ্তির কথা জানান। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে দেখলাম যে আমার সিনেমা জগতে আসার ২৭ বছর উদযাপন করছেন তারা। দেখতে দেখতে কিছুদিন আগে রজত জয়ন্তী সময় পার করলাম। ভীষণ ভালোলেগেছে হঠাৎ এমন আয়োজন দেখে। আমি বারবার নিজেকে পরিবর্তন করেছি, আমার ভক্ত দর্শক তা গ্রহন করে নিয়েছেন, তারা হলে হলে আমার সিনেমা দেখার জন্য হলমুখী হয়েছেন। আরো ভালোলাগার বিষয় হলো যে আমি শুধু এবার সম্মাননা গ্রহন করিনি, ফরিদুল রেজা সাগর ভাই, আফজাল ভাই’সহ অনেকের হাতে সম্মাননা তুলেও দিয়েছি।
‘শো-টাইম মিউজিক’র ব্যবস্থাপনায় বিগত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। এবারের আয়োজনে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতসহ মোট ৭টি ক্যাটাগরিতে ৩৭ জন শিল্পীকে ঢালিউড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখার জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
সিনেমা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি, আর সেরা অভিনেত্রীর মুকুট উঠেছে তমা মির্জার মাথায়। এছাড়া সেরা খলনায়কের পুরস্কার জিতেছেন মিশা সওদাগর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন শিল্পকলায় অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিনোদন জগতে আজীবন সম্মাননা অর্জন করেছেন।
টেলিভিশন বিভাগে সেরা টিভি অভিনেতা হিসেবে ফারহান আহমেদ জোভান এবং সেরা অভিনেত্রী হিসেবে অর্চিতা স্পর্শিয়াকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া জনপ্রিয়তায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি। সংগীত বিভাগে সেরা কণ্ঠশিল্পী হয়েছেন শাহ মাহবুব এবং সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন অঙ্কন ইয়াসমিন। ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, মিলা ইসলাম ও ইবরার টিপুসহ বেশ কয়েকজন শিল্পী এই আয়োজনে পুরস্কৃত হয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়াই এই অ্যাওয়ার্ড আয়োজনের মূল উদ্দেশ্য।

