যুক্তরাষ্ট্রে প্রথম একক কনসার্টের অভিজ্ঞতা ও নতুন কাজের ব্যস্ততা নিয়ে অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি যে গানেও সমান পারদর্শী, তার প্রমাণ মিলেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত তার প্রথম একক কনসার্টে। সংগীতানুষ্ঠানটি সফলভাবে শেষ করে দেশে ফেরার পরপরই তিনি আবারও অভিনয়ে মনোনিবেশ করেছেন। দেশে ফিরেই মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় দুটি নাটকের কাজ সম্পন্ন করেছেন এই তারকা।

অপূর্ব জানান, খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি আরও আটটি নাটকের শুটিং শেষ করবেন। এরপর পুনরায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সেখান থেকে ফিরে দীর্ঘ সময় দেশেই অবস্থান করবেন তিনি। বর্তমানে সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এস আর মজুমদারের পরিচালনায় বেশ কিছু নতুন প্রজেক্টে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নিজের প্রথম কনসার্টের স্মৃতিচারণ করতে গিয়ে অপূর্ব বলেন, এটি জীবনের প্রথম কনসার্ট হওয়ায় বাড়তি চাপ ছিল। কোনো স্পন্সর না থাকায় চ্যালেঞ্জটা ছিল অনেক বেশি। শুরুতে কিছুটা ভয় থাকলেও পরবর্তীতে দর্শকদের ব্যাপক আগ্রহ ও সাড়া তাকে মুগ্ধ করেছে। শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দর্শক তার গান শুনতে এসেছিলেন। সহশিল্পীদের উপস্থিতিতে সেই সন্ধ্যাটি তার কাছে অবিশ্বাস্য ও স্মরণীয় হয়ে আছে। গানের ফাঁকে দর্শকের সঙ্গে আড্ডা, হাসি-কান্না ও আবেগের মিশেলে তিনি সবার ভালোবাসায় অভিভূত।

কাজে ফেরা প্রসঙ্গে অপূর্ব আরও বলেন, কনসার্টের রেশ কাটতে না কাটতেই শুটিংয়ে ফিরেছি। প্রতিটি নাটকের গল্পই চমৎকার, বিশেষ করে সৈয়দ শাকিল পরিচালিত নাটকের গল্পটি জীবনঘনিষ্ঠ। তার বিপরীতে সময়ের জনপ্রিয় শিল্পীরা অভিনয় করবেন। ভক্তদের পছন্দের কথা মাথায় রেখেই তিনি ভালো গল্পের নাটকে কাজ করছেন এবং প্রতিটি কাজ দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।