যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এর বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসম্যান হেকিম জেফরি বলেছেন, যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। স্থানীয় সময় গত রোববার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিকানাধীন টেলিভিশন টাইম টিভির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। ডেমোক্র্যাটদের বিজয়ের ওপর গুরুত্বারোপ করে জেফরি বলেন, ডেমোক্র্যাটদের জয় মানেই অভিবাসী ও বাংলাদেশি কমিউনিটির জয়। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে আমি ভিন্ন কোনো দায়িত্বে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। ৩ নভেম্বরের নির্বাচনের জরিপগুলোতে ডেমোক্র্যাটদের বিজয়ের পূর্বাভাস দিচ্ছে।
অনুষ্ঠানে টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহেরের সভাপতিত্বে বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত পরিশ্রমী, উদ্যমী, ধর্মভীরু ও দেশপ্রেমিক। তিনি এই কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আবু তাহের তার বক্তব্যে জানান, হেকিম জেফরি তার কাছে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়েছেন। জরিপ অনুযায়ী ডেমোক্র্যাটদের জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে এবং জিতলে জেফরি কংগ্রেসের স্পিকার হিসেবে দায়িত্ব নেবেন। আশা করা হচ্ছে, সেই সফরে তিনি স্পিকার হিসেবেই বাংলাদেশে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত করার আহ্বান জানান। গ্রেস মেং বলেন, ডেমোক্র্যাটরা জয়ী হলে অভিবাসীদের অধিকার সুরক্ষিত হবে এবং আইস পুলিশের কঠোর নজরদারি ও কর্মকাণ্ডের লাগাম টেনে ধরা হবে।
অনুষ্ঠানটিতে সমসাময়িক রাজনীতি ও কমিউনিটির নানা দিক নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, মঈন উদ্দীন নাসের, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এবিএম সালেহ উদ্দীন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লুইস, কমিউনিটি একটিভিস্ট সালেহ উদ্দীন সাল এবং টাইম টিভির পরিচালক মেরি জোবায়দা ও সৈয়দ খসরু।

