যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণ

যৌন অসদাচরণের অভিযোগের মুখে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুটি কূটনৈতিক সূত্র শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন। আইসিসির মোট ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন করিম খান।

উল্লেখ্য, আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকালে করিম খান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন। ইসরাইল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তার আনা মামলাগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ। শেষ পর্যন্ত সেই আইনি লড়াইয়ের মাঝপথেই নিজের পদ হারালেন করিম খান।