রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জয়পুরহাটে কৃষকদলের বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন দিপু ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বক্তারা রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া নেতৃবৃন্দ বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, দলের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবরণের উদাহরণ টেনে তারা বলেন, বিএনপি মাটি ও মানুষের দল, তাই কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করে না বা ষড়যন্ত্রে ভয় পায় না।