রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ

রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১শে অক্টোবর রাতে বনানী থেকে তাকে আটকের পর ঢাকা পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে তিনি বিভিন্ন ছক কষে কাজ করছিলেন। এই পরিকল্পনার অংশ হিসেবে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি, বিভিন্ন শ্রমিক আন্দোলনে উস্কানি ও সমর্থন দেওয়া এবং দেশের পরিস্থিতির অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানোর কথা তিনি স্বীকার করেছেন। পাশাপাশি, তিনি প্রতিবেশী দেশের সামরিকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের পথ তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার একান্ত অনুগত হিসেবে পরিচিত খন্দকার আব্দুল হাফিজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালের ৬ই সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

রিমান্ডে তদন্ত কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী, তিনি প্রথমে সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে প্ররোচিত করার চেষ্টা করেন। সেই প্রচেষ্টা সফল না হলে তিনি ভারতকে সামরিকভাবে বাংলাদেশে হস্তক্ষেপের পরামর্শ দেন। তদন্তে জানা গেছে, ভারতের তিন হাজারের বেশি আলাদা কন্টাক্টের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল, যার মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন। এসব যোগাযোগের উদ্দেশ্য, কথিত সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা এবং দলটিকে পুনর্বাসনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই করছেন গোয়েন্দারা। এছাড়া শ্রমিক অসন্তোষকে উসকে দেওয়া, আন্দোলনের মধ্যে দলীয় ব্যক্তিদের ব্যবহার এবং সহিংসতা ও প্রাণহানির মতো ঘটনা ঘটিয়ে সরকারের ওপর চাপ তৈরির পেছনে তার নেটওয়ার্কের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট গুলশান আরাসহ অন্যান্যদের সহায়তায় একটি সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করছিলেন। সেখানে তহবিল সংগ্রহ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানো হতো। এছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আঃ আজিজ ও পলাতক শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনায় অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির নানা অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।