লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবির কঠোর বাধার মুখে প্রবেশ করতে না পেরে তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
সীমান্তে বিজিবির কড়া অবস্থান
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে সলডাংগা সীমান্ত দিয়েও ওই ১২ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত কঠোর অবস্থান নেয়। এতে বিএসএফের পরিকল্পনা ব্যর্থ হয় এবং দলটি ভারতীয় ভূখণ্ডের ১০০ গজ ভেতরের দিকে অবস্থান নিতে বাধ্য হয়।
পতাকা বৈঠকের আহ্বান
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের এ ধরনের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

