শারজাহ সেলফ-ডিফেন্স স্পোর্টস ক্লাবের অভাবনীয় সাফল্য

২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে শারজাহ সেলফ-ডিফেন্স স্পোর্টস ক্লাব একটি সুসংহত কৌশলের মাধ্যমে তরুণ মেধাবীদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার কাজ করছে। আহমেদ সাঈদ আল জারওয়ানের নেতৃত্বে পরিচালিত এই ক্লাবটি আল রহমানিয়া ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ১৮-তে তাদের প্রধান কার্যালয় পরিচালনা করছে। এছাড়াও আল নওফ, আল নাসরিয়া, কৃষিশা এবং আল মাজাজ এলাকার বিভিন্ন পাবলিক পার্কে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম ও ক্রীড়া চর্চা চলছে। পাশাপাশি বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে প্রতিভাবান ক্রীড়াবিদদের সনাক্ত করা এবং যৌথ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে ক্লাবটি।

২০২৫-২০২৬ মৌসুমে ক্লাবটি অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে, যেখানে তারা মোট ১,২৮০টি পদক জিতেছে। এর মধ্যে ৩৯৬টি স্বর্ণ, ৪২৪টি রৌপ্য এবং ৪৬০টি ব্রোঞ্জ পদক রয়েছে। বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে জুজুৎসুতে ৬৬৩টি, জুডোতে ২২৫টি, তায়কোয়ান্দোতে ৩২৭টি এবং কুস্তিতে ৬৫টি পদক এসেছে। ক্লাবটির ক্রীড়া বিষয়ক পরিচালক হুমাইদ সাবত আল শামসি জানান, টেকসই অ্যাথলেট উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সাফল্যে তাদের কৌশল কাজ করছে। এর ফলস্বরূপ, খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ জুজুৎসু চ্যাম্পিয়নশিপের নো-গি বিভাগে টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান এবং তায়কোয়ান্দোতে পুরুষদের শিরোপা ও সংযুক্ত আরব আমিরাত রেসলিং ফেডারেশন কাপে জয়লাভ করেছে ক্লাবটি। বর্তমান সময়ে জুজুৎসু, তায়কোয়ান্দো, জুডো, কুস্তি ও কারাতে ইভেন্টে জাতীয় দলে ক্লাবের বেশ কয়েকজন অ্যাথলেট দেশের প্রতিনিধিত্ব করছেন।

ক্লাবের ভাইস চেয়ারম্যান ওবায়েদ আল আসাম আল সুওয়াইদি জানিয়েছেন, শারজাহর শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির নির্দেশনা অনুযায়ী মানব উন্নয়ন এবং নৈতিকতাকে ক্রীড়া সাফল্যের কেন্দ্রে রাখা হয়েছে। তিনি আরও জানান, ডেটা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জাতীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তারা ক্লাবের কর্মক্ষমতা আরও আধুনিকায়ন করছেন। পাশাপাশি, স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করতে অংশীদারিত্বের পরিধি বাড়ানো হচ্ছে।

ক্রীড়া উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতেও ক্লাবটি প্রতিশ্রুতিবদ্ধ। সাত বছর আগে শুরু হওয়া “আওয়ার স্পোর্টস কালচার” বা “আমাদের ক্রীড়া সংস্কৃতি” নামক উদ্যোগের মাধ্যমে তারা নিয়মিত লেকচার ও কর্মশালা পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় প্রবীণ নাগরিক, অভিভাবকসহ বৃহত্তর জনগোষ্টীকে ক্রীড়া সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যা স্বাস্থ্যকর সমাজ গঠনে ভূমিকা রাখছে।