কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে জোরদার ছাত্র আন্দোলন গড়ে তুলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না। সরকারের ভাষ্যমতে, পদত্যাগ কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং সমস্যার মূল কারণ খুঁজে বের করাই এখন জরুরি। জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দিল্লির বিতলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি নেতাদের দুই ঘণ্টার বৈঠকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছিল।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও সিজেপির অন্যান্য দাবির মধ্যে রয়েছে—৩রা মে নিট-ইউজি পরীক্ষা বাতিলের পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক সহায়তা প্রদান। এছাড়া সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, পরীক্ষা ব্যবস্থায় পাঁচ দফা সংস্কার বাস্তবায়ন এবং ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের ভূমিকার জন্য কেন্দ্রীয় সরকার, র্যাপিড অ্যাকশন ফোর্স ও দিল্লি পুলিশ কমিশনারের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
সিজেপির প্রতিনিধি সৌরভ দাস জানিয়েছেন, তাদের এই দাবিগুলো কোনোভাবেই আপসযোগ্য নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সারা দেশে আন্দোলন আরও তীব্র করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

