শিল্পকলায় আবৃত্তি ফেডারেশনের আয়োজনে উদযাপিত হলো নবান্ন উৎসব

সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’ শিরোনামে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন। অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের স্বাগত জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। বিকেল ৫টায় ‘বাংলার সংস্কৃতির শিকড়—নবান্ন উৎসব’ শীর্ষক একটি বিশেষ আলোচনা পর্বের মাধ্যমে মূল অনুষ্ঠানটি শুরু হয়।

ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম বাহারের সভাপতিত্বে এই আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান এবং ফেডারেশনের সহসভাপতি একেএম সামছুদ্দোহা পাটোয়ারী। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দলীয় ও একক আবৃত্তি, লোকজ সংগীত, নৃত্য, পুঁথিপাঠ ও মূকাভিনয়।

সাংস্কৃতিক পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি করেছেন তাহসিন রেজা, মো. আকতার হোসেন, দীপক সুমন, ইশরাত শিউলী, মাহজাবিন মিতি, এনামুল হক জুয়েল, ফারহানা তৃণা, অনন্যা মাহমুদ, কামরুজ্জামান, মৌমিতা জান্নাত, ওয়াসীউল্লাহ, নিথর মাহবুব, মো. আল আমিন, আবদুর রহমান তিতুমীর, সুব্রত রায়, এবিএইচ ম্যাগনাস, আসপিয়া খন্দকার, ফায়েদ আহমেদ রোদ ও আজমাইন মাহতাব। এছাড়াও কবি জালাল খান ইউসুফী হেমন্তের পুঁথিপাঠ করেন। সংগীত ও নৃত্যে অংশ নেন লাভলী শেখ, বাউলশিল্পী শিলা মল্লিক, মোক্তার সরকার ও নৃত্যশিল্পী অধরা জাহান।