নাটোরে পারিবারিক কলহে নাতি মৃত্যুর ঘটনা ও বাবাকে জখম: ছেলের মৃত্যুদণ্ড

নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এক চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেছেন। ২০১৭ সালে সংঘটিত নাতি হত্যা ও পিতাকে গুরুতর জখম করার দায়ে প্রধান আসামি মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই মামলায় অপর অভিযুক্ত মো. সোহাগকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক আসামি মো. মিন্টুকে (৩৬) খালাস দেওয়া হয়।

আদালত ও মামলার নথিপত্র থেকে জানা যায়, নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ পাড়ার বাসিন্দা ও ঝলমলিয়া বাজারের বীজ ব্যবসায়ী মো. শাহাদৎ সর্দারের (৫৭) ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে বাবার কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য তিনি চাপ প্রয়োগ করে আসছিলেন। চাপের মুখে শাহাদৎ সর্দার তার বসতবাড়ির ভিটা থেকে ৮ শতক জমি লিখে দিলেও বাকি জমির জন্য শাহ আলম বাবার সঙ্গে বিরোধ ও শত্রুতা শুরু করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়িতে শাহ আলমের প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। ঘটনার দিন রাত ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার সময় মূল ফটকের সামনে এলে শাহ আলম ধারালো হাসুয়া দিয়ে নিজের বাবা শাহাদৎ সর্দারের মাথা ও পিঠে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন থাকা অবস্থায় শাহাদৎ সর্দার তার মেয়ে মোসা. সীমা বেগমের মাধ্যমে নাটোর সদর থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় মো. শাহ আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া পিতাকে হত্যার চেষ্টার দায়ে ৩০৭ ধারায় তাকে আলাদাভাবে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন অনুযায়ী হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে তার ফাঁসির রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে একই এলাকার মো. আশরাফের ছেলে মো. সোহাগকে ৩০২/১০৯ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১ নম্বর আসামি মো. শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন।