বলিউড অভিনেতা অনুপম খেরের সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি—অনলাইনে এমন খবর দীর্ঘদিন ধরেই চর্চায় রয়েছে। তবে খোদ অভিনেতা নিজেই এই তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইউটিউব চ্যানেল ‘দ্য আনফিল্টার্ড আওয়ার’-এ সাংবাদিক ভারতী প্রধানের সাথে আলাপকালে তিনি জানান, দাবিকৃত সম্পদের ১০ শতাংশও তার নেই। অনেকে তাকে প্রচুর বিত্তবান মনে করলেও গুগল সার্চে আসা এমন কাল্পনিক অংক দেখে তিনি নিজেই বিস্মিত হন। এসব মিথ্যা তথ্যের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাবেন তিনি। বললেন, দাবিকৃত সম্পদের ১০ শতাংশওতো আমার নেই। গুগলে তার সম্পদের পরিমাণ খুঁজলে রীতিমতো চমকে যেতে হয়।
নিজেকে বাড়ির মালিকানার ঝামেলা থেকে মুক্ত রাখতেই প্রায় ১০ বছর আগে ভাড়া বাসায় ওঠার সিদ্ধান্ত নেন অনুপম। মুম্বাইয়ের নিজের বাড়িটি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে এখন ভাইয়ের সাথে ভাড়া বাড়িতেই থাকেন তিনি। তবে কেবল নিজের জন্য নয়, মায়ের সুবিধার্থে শিমলায় একটি বাড়ি কিনেছেন বলে জানান এই অভিনেতা। বাড়ির রক্ষণাবেক্ষণ বা মালিকানার জটিলতা এড়িয়ে ভাড়া বাড়িতে থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

