সারের দায়িত্ব ছেড়ে সিএসকের সহকারী কোচ গ্যারেথ ব্যাটি

সারের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চেন্নাই সুপার কিংসে (সিএসকে) যোগ দিচ্ছেন গ্যারেথ ব্যাটি। ২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর থেকে তিনি নতুন এই দায়িত্ব পালন করবেন। চেন্নাইয়ের নবনিযুক্ত প্রধান কোচ জহির খানের অধীনে কাজ করবেন ৪৮ বছর বয়সী এই ইংলিশ কোচ। দীর্ঘ পাঁচ বছর সারের সাফল্যের কারিগর হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি এই নতুন যাত্রায় সামিল হচ্ছেন।

২০২২ সালে সারের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন ব্যাটি। দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই তিনি দলকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দেন। এরপর ২০২৩ ও ২০২৪ সালেও সেই শিরোপা ধরে রাখে সারে। এর আগে প্রায় ৬০ বছরের ইতিহাসে কোনো দল টানা তিনবার এই শিরোপা জিততে পারেনি। ২০২৫ সালে সারে রানার্স-আপ হয়েছিল। এছাড়াও ব্যাটির পাঁচ বছরের কোচিং মেয়াদে দলটি প্রতিবারই ভাইটালিটি ব্লাস্টের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, যার মধ্যে দুবার ছিল ফাইনালস ডে।

সারের সঙ্গে ব্যাটির সম্পর্ক দুই দশকেরও বেশি সময়ের। ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত এবং ২০১০ সালের পর থেকে তিনি দলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি সারের অধিনায়কত্ব করেছেন। ২০২১ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর সরাসরি কোচিং প্যানেলে যোগ দেন এবং এক বছর পরেই প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। খেলোয়াড়ি জীবনে সারের হয়ে সাড়ে তিনশটিরও বেশি ম্যাচ খেলে পাঁচশোর বেশি উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ক্লাবটির যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন তিনি।

সিএসকেতে নতুন এই সুযোগ নিয়ে ব্যাটি জানান, তার পরিবারের জন্য এটি একটি অত্যন্ত আনন্দদায়ক যাত্রা। সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এটি তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ের সূচনা। ব্যাটির বিদায় নিয়ে স্টুয়ার্ট বলেন, সারের ইতিহাসে সফলতম সময়ে ব্যাটির ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, সারের মতো ঐতিহ্যবাহী ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করা সহজ নয়। টানা তিনবার কাউন্টি শিরোপা জয় তার কঠোর পরিশ্রম, খেলোয়াড়দের ওপর দখল এবং জয়ের মানসিকতারই প্রতিফলন।

ব্যাটির এই নতুন চ্যালেঞ্জে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে স্টুয়ার্ট উল্লেখ করেন যে, এই পরিবর্তন তাকে আইপিএলের বাইরে পরিবারের সাথে সময় কাটানোর বাড়তি সুযোগ করে দেবে। নতুন দায়িত্বের শুরুতেই ব্যাটির মূল লক্ষ্য হবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে চেন্নাইয়ের খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়ায় (রিটেনশন) সহায়তা করা। এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গোয়ায় অনুষ্ঠিতব্য মেগা নিলামের জন্য পাঁচবারের চ্যাম্পিয়নদের কৌশল নির্ধারণে কাজ করবেন তিনি।