বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তার স্মৃতির প্রতি সম্মান জানান।
এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্যান্য হুইপরা পুষ্পস্তবক অর্পণ করেন। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানাজায় শরিক হন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং বিকাল তিনটায় শ্যামপুরের লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইনে নিজ বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

