অ্যান কারসনকে নির্দিষ্ট কোনো সাহিত্যিক ঘরানায় আটকে রাখা প্রায় অসম্ভব। তিনি একাধারে কবি, প্রবন্ধকার, অনুবাদক এবং ঔপন্যাসিক। প্রাচীন গ্রিক ধ্রুপদি সাহিত্যের জ্ঞান ও কল্পনাকে সমকালীন মানুষের জটিল আবেগ ও অনুভূতির সঙ্গে একীভূত করার ব্যতিক্রমী ক্ষমতার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। সুইডিশ একাডেমি ৮ অক্টোবর বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণা করে। পুরস্কার ঘোষণার সময় ৭৬ বছর বয়সী এই সাহিত্যিক আইসল্যান্ডে অবস্থান করছিলেন। সুইডিশ একাডেমির পার্মানেন্ট সেক্রেটারি ইনগ্রিড কার্লবার্গ জানান, খবরটি জানানোর সময় ফোনে কারসনের পাশে আইসল্যান্ডের বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। কখনো কবিতার ভেতর ঢুকে পড়ে গবেষণাধর্মী প্রবন্ধ, কখনো ইতিহাসের বহু পুরোনো কোনো চরিত্র কথা বলতে শুরু করে আজকের মানুষের ভাষায়। সাহিত্যের প্রতিষ্ঠিত কাঠামো ভেঙে এমন স্বতন্ত্র এক জগৎ নির্মাণ করেছেন কানাডীয় এই কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদি সাহিত্যের গবেষক। একাডেমির ভাষ্যে, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে। এই দৃশ্যের সঙ্গে কারসনের সাহিত্যিক পরিচয়ের একটি অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়।
অ্যান প্যাট্রিসিয়া কারসনের জন্ম ১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোয়। শৈশবের একটি বড় অংশ তিনি কাটিয়েছেন কানাডার বিভিন্ন ছোট শহরে। হাইস্কুলে পড়ার সময় ল্যাটিন ভাষার এক শিক্ষকের কাছে প্রাচীন গ্রিক ভাষা শেখার সুযোগ পান তিনি, যা তাঁর সাহিত্যিক যাত্রার মোড় ঘুরিয়ে দেয়। দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতেও চলত সেই চর্চা। গ্রিক কবি স্যাফোর কবিতার দ্বিভাষিক সংস্করণ পাওয়ার অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক বিকাশে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্ট মাইকেলস কলেজে পড়াশোনা করেন। ১৯৭৪ সালে স্নাতক ও ১৯৭৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮১ সালে ধ্রুপদি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘ এই শিক্ষাজীবন ও ধ্রুপদি সাহিত্যের পাঠ তাঁর রচনায় এক অনন্য গাম্ভীর্য নিয়ে আসে।
কারসনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পরিচিত ‘ইরোস দ্য বিটারসুইট: অ্যান এসে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। বইটি প্রেমের আকাঙ্ক্ষা ও মানুষের অপূর্ণতা নিয়ে এক বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ। তিনি দেখিয়েছেন, মানুষ কেবল অর্জনের দ্বারা পরিচালিত হয় না, বরং যা হারিয়েছে বা নাগালের বাইরে রয়ে গেছে—তাও প্রেমের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ধ্রুপদি সাহিত্যের উপাদান ও স্যাফোর কবিতাকে ব্যবহার করে তিনি প্রমাণ করেছেন, প্রেম কেবল আবেগ নয়, বরং গভীরভাবে চিন্তারও বিষয়। তাঁর রচনায় বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান ও মানবিক অনুভূতি একসূত্রে গাঁথা থাকে, যা ধ্রুপদি জ্ঞানের গভীরতায় ঋদ্ধ। সেই কথোপকথনে কখনো হাস্যরস থাকে, কখনো তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান, আবার কখনো এমন এক নীরব বেদনা, যা পাঠ শেষ হওয়ার পরও থেকে যায়।
কারসনের সাহিত্যিক স্বাতন্ত্র্যের সবচেয়ে বড় প্রমাণ তাঁর ১৯৯৮ সালের গ্রন্থ ‘অটোবায়োগ্রাফি অব রেড’। প্রাচীন গ্রিক কবি স্টেসিকোরাসের মিথলজির গেরিয়ন চরিত্রকে তিনি আধুনিক এক সংবেদনশীল তরুণ হিসেবে উপস্থাপন করেছেন। মূল পুরাণে গেরিয়ন লাল ডানাওয়ালা এক দানব হলেও কারসনের বর্ণনায় সে আধুনিক মানুষ, যে ভালোবাসে এবং কষ্ট পায়। অন্যদিকে হেরাক্লিস এখানে কেবল পৌরাণিক বীর নন, বরং আধুনিক এক আকর্ষণীয় ও কিছুটা বেপরোয়া তরুণ। পুরাণের কাঠামোর মধ্যে আধুনিক জীবনের অসংলগ্নতা ও ভাঙনকে তুলে ধরতে তিনি ফটোগ্রাফির রূপক ব্যবহার করেছেন। ২০১৩ সালে ‘রেড ডক’ বইটিতে তিনি পুনরায় গেরিয়নের গল্পে ফিরে আসেন।
দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন ও বিশ্বাসের জটিলতা নিয়ে লেখা ‘দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড: আ ফিকশনাল এসে ইন ২৯ ট্যাঙ্গোস’ ২০০১ সালে ব্যাপক পরিচিতি পায়। ২৯টি ট্যাঙ্গো নাচের ছন্দে সাজানো এই বইটিতে তিনি প্রেমের বেদনার সঙ্গে প্রতারণার বিষয়টিকে সহজ নৈতিকতার বাইরে গিয়ে বিশ্লেষণ করেছেন। এ কাজের জন্য তিনি ২০০২ সালে মর্যাদাপূর্ণ টি এস এলিয়ট পুরস্কার লাভ করেন। তাঁর সাহিত্য কোনো সরল সান্ত্বনা দেয় না, বরং এমন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায় যার কোনো চূড়ান্ত পরিণতি নেই। তাঁর সাহিত্য পাঠককে শুধু গল্পের ভেতরে নিয়ে যায় না, বরং গল্প বলার প্রচলিত পদ্ধতি নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে।
বিভিন্ন ধারার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর রচনার মধ্যে ‘গ্লাস, আয়রনি অ্যান্ড গড’, ‘প্লেইনওয়াটার’, ‘মেন ইন দ্য অফ আওয়ার্স’ ও ‘ডিক্রিয়েশন’ অন্যতম। কারসনের মতে, সাহিত্যিক আঙ্গিক কোনো স্থির বিষয় নয়; অভিজ্ঞতার ধরন অনুযায়ী তিনি ভাষার রূপ নির্মাণ করেন। এটি পাঠকের কাছ থেকে বাড়তি মনোযোগ দাবি করে, যা অনেকে দুর্বোধ্য মনে করলেও আসলে সেটি তাঁর নিজস্ব নির্মাণশৈলীর বৈশিষ্ট্য। গ্রিক কবি স্যাফোর খণ্ডিত কবিতা অনুবাদ করে ‘ইফ নট, উইন্টার’ গ্রন্থে তিনি হারিয়ে যাওয়া সাহিত্যের এক অনন্য সংস্করণ তুলে ধরেছেন। এছাড়াও ইউরিপিদিসের নাটক অনুবাদের ক্ষেত্রে ‘গ্রিফ লেসনস’ তাঁর অন্যতম অবদান।
শোক ও স্মৃতির এক অসামান্য দলিল হলো ২০১০ সালে প্রকাশিত ‘নক্স’। নিজের ভাইয়ের মৃত্যু ও তাঁকে ঘিরে জমে থাকা স্মৃতির বয়ান এই বইটির মূল উপজীব্য। এটি কোনো সাধারণ আত্মজীবনী নয়, বরং কবিতা, অনুবাদ, ব্যক্তিগত ছবি ও স্মৃতির টুকরো সংকলন। শোকের মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষকে স্মৃতিতে ধরে রাখার যে স্বাভাবিক প্রবণতা, তা কীভাবে অসম্পূর্ণ ও খণ্ডিত হতে পারে—তা তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর সাহিত্যকর্মে দৃশ্যশিল্পের প্রতি আগ্রহের ছাপও স্পষ্ট, যেখানে শব্দ ও ছবি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে প্রাচীন সাহিত্যের গঠন ও আধুনিক দর্শনের সমন্বয় তাঁর লেখায় এক অনন্য উচ্চতা যোগ করেছে, যা অবশেষে ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্বীকৃতি পেল।

