সিনেমা ব্যর্থ হওয়ায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ

বক্স অফিসে একের পর এক সিনেমার ব্যর্থতায় ক্যারিয়ার নিয়ে গভীর অনিশ্চয়তা ও সংশয়ে পড়েছেন বিশ্বনন্দিত পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সাম্প্রতিক একাধিক চলচ্চিত্র দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় এই পপ তারকা এতটাই হতাশ হয়ে পড়েছেন যে, অভিনয়জগৎ থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর কথা ভাবছেন। ক্যারিয়ারের এমন নাজুক পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে তিনি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও নানা পরামর্শ করছেন।

একটি সাম্প্রতিক প্রতিবেদনে সূত্রে জানানো হয়েছে, গত কয়েক বছরে কয়েকটি সিনেমার ক্রমাগত ব্যর্থতা লোপেজকে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। তার সাম্প্রতিক ব্যর্থ কাজের তালিকায় স্থান পেয়েছে ‘দিস ইজ মি…নাউ: অ্যা লাভ স্টোরি’ এবং নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘অ্যাটলাস’। এই দু’টি কাজই সমালোচকদের কাছ থেকে চরম নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।

তবে লোপেজের ক্যারিয়ারে সবচেয়ে বড় আর্থিক ধাক্কা দিয়েছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমাটি। সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত ছবিটি ঘিরে ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে তা পুরোপুরি মুখ থুবড়ে পড়ে। তিন কোটি ডলারের বিশাল বাজেটে নির্মিত এই ছবিটি থেকে আয় হয়েছে মাত্র ১৮ লাখ ডলার। পর পর ব্যবসায়িক ধসের কারণে হলিউডে নিজের ভাবমূর্তি ও অবস্থান নষ্ট হওয়া নিয়ে লোপেজ দারুণ উদ্বিগ্ন। ভবিষ্যতে বড় নির্মাতা কিংবা সহশিল্পীরা তার সঙ্গে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলেও আশঙ্কায় রয়েছেন তিনি। তিন কোটি ডলার বাজেটের ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ১৮ লাখ ডলারে।