সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সব ধরনের বেসামরিক স্থাপনা ও জনগণের বিরুদ্ধে চালানো এ ধরনের কর্মকাণ্ডের কঠোর বিরোধিতা করে এবং তা প্রত্যাখ্যান করছে।

এ সময় সৌদি আরবের সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে এ ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।