নতুন গানে আসছেন শেখ সোলাইমান

প্রখ্যাত সাংবাদিক, গীতিকার ও সুরকার সাইফুল শাহীনের কথা ও সুরে শ্রোতাদের সামনে আসছে ‘মানব জীবন’ শিরোনামের একটি নতুন গান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশি এবং গানের মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করা শিল্পী শেখ সোলাইমান এতে কণ্ঠ দিয়েছেন। কভার গানের পরিচিতি ছাপিয়ে বর্তমানে তিনি মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন, আর সেই ধারায় যুক্ত হলো এই নতুন সংযোজন। সাইফুল শাহীন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য।

গানটির সংগীতায়োজন করেছেন এআর রানা। গানটির মিউজিক ভিডিওর চিত্রধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওর দৃশ্যগুলো ধারণ করা হয়েছে টাঙ্গাইলের যমুনা তীর, ঐতিহ্যবাহী হেমনগর জমিদারবাড়ি ও নবগ্রামসহ বিভিন্ন মনোরম লোকেশনে। লোকজ সুরের আমেজ ধরে রেখে গ্রামীণ বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এখানে ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।

গানটি নিয়ে সাইফুল শাহীন জানান, মানুষের জীবনের সুখ-দুঃখ ও গভীর জীবনদর্শনই এই গানের মূল উপজীব্য। তিনি শিল্পী শেখ সোলাইমানের গায়কির প্রশংসা করে বলেন, সোলাইমান অত্যন্ত দরদ দিয়ে গানটি ধারণ করেছেন। অন্যদিকে, শেখ সোলাইমান গানটিকে নিজের জীবনের অন্যতম প্রিয় একটি কাজ হিসেবে উল্লেখ করে বলেন, সাইফুল শাহীনের প্রতি তিনি কৃতজ্ঞ এবং এই গানটি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। গানটি প্রসঙ্গে সাইফুল শাহীন বলেন, ‘আমার লেখা এই গানে মূলত মানুষের জীবনের সুখ-দুঃখ ও দর্শনের কথাই উঠে এসেছে।

খুব শিগগিরই গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শ্রোতারা শেখ সোলাইমানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে গানটি শুনতে ও দেখতে পাবেন।