দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে নিজের সাবলীল উপস্থিতি ও নান্দনিক রূপায়ণে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ফারজানা চুমকি। মঞ্চ হোক কিংবা ছোটপর্দা, অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি বারবার মুগ্ধ করেছেন ভক্তদের। বর্তমানে নতুন ধারাবাহিক নাটক এবং ভিন্নধর্মী সব কাজের মাধ্যমে তিনি আবারো আলোচনায় এসেছেন।
‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে আয়েশা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। নাটকটির কয়েকটি পর্ব প্রচারেই দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এতে প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাকে, বিপরীতে আছেন অভিনেতা জাহিদ হোসেন শোভন। নতুন এ কাজ নিয়ে ফারজানা চুমকি বলেন, ধারাবাহিকটিতে আয়েশা চরিত্রে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নিলয় ও হিমি অত্যন্ত জনপ্রিয় এবং শিল্পী হিসেবে দারুণ বিনয়ী। জাহিদ হোসেন শোভনের সঙ্গে দীর্ঘদিন পর কাজ করতে পেরে আমি আনন্দিত। পরিচালক তানভীর তন্ময়সহ পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমি আরও ভালো গল্পে কাজ করার প্রত্যাশা রাখি। নাটকটির মাত্র কয়েকটি পর্ব প্রচারের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র কয়েকটি পর্ব প্রচারে এলেও নাটকটি ইতিমধ্যে তুমুল আলোচনায় এসেছে। নিলয় এবং হিমি যে কতোটা জনপ্রিয়, তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলব্ধি করেছি। শিল্পী হিসেবেও তারা দু’জন ভীষণ ভালো এবং বেশ বিনয়ী। আর শোভন ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করে খুব ভালো লাগলো।
চলতি ব্যস্ততার বাইরেও ফারজানা চুমকি বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে কাজ করছেন। এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে কাদম্বিনী চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। এছাড়াও সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিকেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে।
মঞ্চনাটকের প্রতি ফারজানার অনুরাগ সবসময়ই গভীর। বর্তমানে তিনি ঢাকা থিয়েটারের হয়ে ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে অভিনয় করছেন। পাশাপাশি একই দলের হয়ে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। মঞ্চনাটকে আজীবন সক্রিয় থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন এই গুণী অভিনেত্রী।
ফারজানা চুমকির অভিনয় জীবনের সূচনা হয় ১৯৯৮ সালে, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বহুল আলোচিত একটি নাটকের মাধ্যমে। পরের বছর তিনি জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নেন। প্রখ্যাত আলোকচিত্রী প্রয়াত চঞ্চল মাহমুদের ক্যামেরায় তোলা ছবিতে অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এরপর থেকেই তিনি দেশের অন্যতম শীর্ষ নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। মঞ্চে তিনি ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতীকন্যার মন’ ও ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এর মতো অসংখ্য নন্দিত নাটকে অভিনয় করেছেন। ছোটপর্দা ও মঞ্চ—উভয় মাধ্যমেই দীর্ঘ পথচলায় ফারজানা চুমকি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

