সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই, ৬৩ বছরে প্রয়াণ

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করার পর মারা গেছেন বিশিষ্ট সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি কিডনির জটিলতা, ডেঙ্গু, স্ট্রোক ও একাধিক সংক্রমণে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় এবং বৃহস্পতিবার দেওয়া হয় লাইফ সাপোর্ট।

চিকিৎসাধীন অবস্থাতেও গান নিয়ে শেখ সাহেদের বড় ধরনের পরিকল্পনা ছিল। দীর্ঘ ১১ বছর ধরে প্রস্তুত করা ২৪টি গান প্রকাশের অপেক্ষায় ছিলেন এই শিল্পী। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি ভিনাইল রেকর্ড, সিডি ও ক্যাসেট আকারে বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য কিডনি প্রতিস্থাপন করতে দিল্লি যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

নব্বইয়ের দশক থেকে গান নিয়ে সক্রিয় থাকা এই শিল্পী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ‘রোকযানা’ নামেও পরিচিতি পান। ১৯৯১ সালে সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ আত্মপ্রকাশ করে। পরবর্তীতে তার আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘উপলব্ধি’, ‘খোলা চুল’ এবং ‘উটপাখির ডিম’সহ বেশ কিছু জনপ্রিয় গানের মাধ্যমে তিনি সংগীতপ্রেমীদের হৃদয় জয় করেন।