বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল বলে অভিহিত করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রংপুরে বিআরডিবি’র বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে জনগণের ভালোবাসা ও ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর যেন তাদের দলের গঠনতন্ত্র পুনরায় পর্যালোচনা করে দেখেন যে তারা নিজেরা গণতান্ত্রিক দল কি না।
প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সরকারের চার মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে। এছাড়া কৃষিকে লাভজনক করতে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলেও তিনি জানান।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

