বাংলা চলচ্চিত্রের চিরসবুজ তারকা ববিতার আবেদন আজও অমলিন। হাজারো মাইল দূরে কানাডায় একমাত্র ছেলে অনীকের সঙ্গে জন্মদিন কাটানো যেন তার কাছে এক নীরব আনন্দের উৎসব। এ বছর ৩০ জুলাই, তার জন্মদিনকে আরও বিশেষ করে তুলেছে মাছরাঙা টেলিভিশনের ব্যতিক্রমী আয়োজন ‘ববিতা সমগ্র’। কাকতালীয়ভাবে এই দিনটি মাছরাঙা টেলিভিশনেরও ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
নিজের জন্মদিন নিয়ে হাসিমাখা কণ্ঠে ববিতা বলেন, ‘প্রায় প্রতি বছরই জন্মদিনটা ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করি। এবারও তাই করব। ছেলে কী পরিকল্পনা করেছে, সেটা এখনো জানি না।’ তারকাজীবনের আলো ঝলমলে প্রিমিয়ার, ক্যামেরার ফ্ল্যাশ কিংবা শুটিংয়ের ব্যস্ততা এখন আর তার জীবনের কেন্দ্র নয়। বরং জীবনের এই অধ্যায়ে এসে তার স্বপ্নের রং বদলে গেছে।
ব্যক্তিগত কোনো প্রাপ্তি নয়, ববিতা এখন রেখে যেতে চান একটি মহৎ কাজের উত্তরাধিকার। তিনি বলেন, ‘এখন আমার একটাই স্বপ্ন, একটি মসজিদ করে যেতে চাই। নিজেকে ভালো কাজের সঙ্গে রাখতে চাই। আল্লাহ যেন আমাকে এই স্বপ্ন পূরণের তৌফিক দিন।’ একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তার স্বপ্ন, আর সেই স্বপ্ন যখন সমাজের জন্য কিছু রেখে যাওয়ার, তখন তা শিল্পকেও ছাড়িয়ে যায়।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ববিতার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এ অনঙ্গ বউ হয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এরপর একের পর এক কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে দেশের চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনয়ে ছিল গ্রামবাংলার সরলতা, শহুরে নারীর আত্মবিশ্বাস এবং গভীর মানবিক অনুভূতির এক অপূর্ব মিশেল। তাই প্রজন্ম বদলে গেলেও ববিতার আবেদন ফুরোয়নি।
মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’ নির্মিত হয়েছে দুটি বিশেষ উপলক্ষকে এক সূত্রে গেঁথে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে ববিতার জন্ম থেকে আজ পর্যন্ত দীর্ঘ জীবনের নানা অধ্যায় উঠে এসেছে। এতে রয়েছে তার অভিনয়জীবনের সাফল্য, ব্যক্তিজীবনের না বলা গল্প, সংগ্রাম, ভালোবাসা, প্রাপ্তি আর স্মৃতির রঙিন ক্যানভাস।
অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠেছে দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণে। ববিতাকে নিয়ে স্মৃতিচারণ ও শুভেচ্ছা জানিয়েছেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, আফজাল হোসেন, শাকিব খান এবং ববিতার দুই বোন সুচন্দা ও চম্পা।

