বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পাঁচাশি গ্রামের তরিকুল ইসলাম রিয়াদ (২৩) এবং একই এলাকার পিকআপচালক নাসির উদ্দিন (২৪)। এছাড়া নিহত অপর দুজন হলেন ময়মনসিংহ সদরের রাঘবপুর এলাকার লুৎফর রহমান (৫০) ও শুভ দেবনাথ (২৩)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি পিকআপ ভ্যান বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ এবং কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। কাহালু থানার এসআই ব্রজের মাহাতো জানান, নিহতদের মধ্যে একজন পিকআপচালক এবং তিনজন ব্যবসায়ী। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে। বর্তমানে এ বিষয়ে সড়ক পরিবহণ আইনে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং স্বজনরা এলে মরদেহগুলো হস্তান্তর করা হবে।