লালপুরে হিন্দু পরিবারকে চাঁদা দাবি ও হত্যার হুমকি

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় একটি বাড়ির বারান্দায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা এই চিঠিটি রেখে যায়। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়ার বাসিন্দা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় রাতের কোনো একসময় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথম চিঠিটি দেখতে পান এবং পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, বিষয়টি যেন কাউকে জানানো না হয়। এছাড়া পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে একইভাবে ২০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্যান্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকে পুরো পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ চিঠিটি জব্দ করেছে এবং এর উৎস শনাক্তসহ জড়িতদের চিহ্নিত করার জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছে।

কন্টেন্ট: সংগৃহীত