রিয়েলিটি টিভি তারকা ও ইনফ্লুয়েন্সার মলি-মে হেগ তার পার্টনার টমি ফিউরির সঙ্গে আপাতত আর কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় সন্তান মিদাসের জন্মের মাত্র দুই মাস পার হওয়ার পরই তিনি প্রকাশ্যে নিজের এই অবস্থানের কথা জানালেন।
নিজের ইউটিউব ভ্লগে মলি-মে জানান, উইম্বলডন ভ্রমণের আগের দিন প্রসূতি বিশেষজ্ঞের কাছে ছয় সপ্তাহের নিয়মিত চেকআপে গিয়ে তিনি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কেজলিনা নামক হরমোনাল ইনট্রাউটেরিন ডিভাইস (আইইউডি) গ্রহণ করেছেন। এটি পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে। মলি-মে জানান, এটি তার তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল এবং মজার ছলে তিনি উল্লেখ করেন যে, উইম্বলডনের ভিআইপি স্যুটে উপস্থিত সবাইকে তিনি এই নতুন পদ্ধতির কথা জানিয়ে দিয়েছিলেন।
পরিবার পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমাদের জীবনে এখন আর নতুন কোনো গর্ভধারণের প্রয়োজন নেই। সন্তান অবশ্যই একটি আশীর্বাদ, কিন্তু এই মুহূর্তে আমরা সেটি চাইছি না। আমার মনে হয়, সন্তান নেওয়ার বিষয়টি আমার জন্য এখানেই সমাপ্ত।
এদিকে, মলি-মে-এর এমন মন্তব্যের পর টমি ফিউরির পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে বৃটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিউরি পরিবারের কয়েকজন সদস্য মনে করছেন, মলি-মে ও টমি তাদের নবজাতক মিদাসের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাচ্ছেন না। এছাড়া মলি-মে ও টমির পারিবারিক ও সাংস্কৃতিক পটভূমির পার্থক্যের কারণে দীর্ঘদিনের কিছু মতবিরোধ এখনো পুরোপুরি দূর হয়নি।
অন্য একটি সূত্রের দাবি, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মলি-মে এবং টমির আত্মীয়দের দৃষ্টিভঙ্গির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিশেষ করে মলি-মে-এর আর সন্তান না নেওয়ার বিষয়টি ফিউরি পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই বিষয়ে মলি-মে বা টমি ফিউরি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

