রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের নেতা–কর্মীদের ইট–পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মধ্যকার সংঘর্ষের জেরে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর ফের হামলার ঘটনা ঘটে। বিকেল পৌনে ৫টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা–কর্মীরা হাসপাতালে প্রবেশ করে। এ সময় হাসপাতালের বাইরে ও জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা নেতাকর্মীদের মারধর করা হয়। এমনকি জরুরি বিভাগের ভেতর থেকেও একজনকে বের করে এনে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।

এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, সাধারণত ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না, তবে খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত