ফেসবুকে আপত্তিকর পোস্ট: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে বর্তমানে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে এনসিপির পথসভায় হামলার ঘটনার সূত্র ধরে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেন। এই পোস্টটি ছড়িয়ে পড়লে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে তানভীর ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেললেও ততক্ষণে এর স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট সদর থানায় গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অবস্থানকালে তিনি ফেসবুক পোস্টটি দেখতে পান, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হিসেবে গণ্য হয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা সাতমাথায় তানভীরের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি তাকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছে।

এর আগেও তানভীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ২১ এপ্রিল এনসিপি তাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল, যখন তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও পরে দল সেই আদেশ প্রত্যাহার করে তাকে দায়িত্ব ফিরিয়ে দেয়। এ ছাড়া গত বছরের ২৫ মার্চ বগুড়ার মহাস্থান জাদুঘরে নিরাপত্তা কর্মী বাপ্পী মিয়াকে মারধর এবং জাদুঘরের কর্মকর্তাদের চাকরিচ্যুত করার হুমকির ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জিডি করেছিলেন কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা।

কন্টেন্ট: সংগৃহীত