চলতি বছরের শুরুতে লেবাননের সাংবাদিক আমাল খলিলকে হত্যা এবং তার ক্যামেরাম্যান জয়নাব ফারাজকে আহত করার ঘটনাটি একটি 'পরিকল্পিত' হামলা ছিল বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মানবাধিকার সংস্থাটির দাবি, এই হামলাটি একটি 'যুদ্ধাপরাধ'।
আল আখবার সংবাদমাধ্যমের সাংবাদিক আমাল খলিল ২২শে এপ্রিল দক্ষিণ লেবাননের আত-তিরিতে ইসরাইলি আগ্রাসনের ওপর প্রতিবেদন তৈরির সময় নিহত হন। এইচআরডব্লিউ জানিয়েছে, বিভিন্ন প্রমাণাদি থেকে এটি স্পষ্ট যে ইসরাইলি বাহিনী জানত সাংবাদিকরা সেই ভবনে অবস্থান করছেন। এই প্রমাণের মধ্যে জাতিসংঘ মিশন এবং রেড ক্রসের অনুরোধের নথিপত্রও অন্তর্ভুক্ত রয়েছে।
মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী হামলার পর উদ্ধারকারী দলগুলোকে সাংবাদিকদের অবস্থানে পৌঁছাতে বাধা দিয়েছিল। সংস্থাটির ধারণা, সেই সময় সাংবাদিক আমাল খলিল সম্ভবত জীবিত ছিলেন।
এইচআরডব্লিউ-এর রামজি কাইস এক বিবৃতিতে বলেন, সংগৃহীত তথ্য থেকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে, ইসরাইলি সামরিক বাহিনী জানত, অথবা তাদের এটি জানা স্বাভাবিক ছিল যে ফারাজ ও খলিল বেসামরিক নাগরিক। তা সত্ত্বেও তারা তাদের ওপর হামলা চালায় এবং এরপর ঘণ্টার পর ঘণ্টা প্যারামেডিকদের উদ্ধারকাজে বাধা প্রদান করে।
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬: ০৫আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৬: ১১

