জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে চট্টগ্রামে পৃথক কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি এবং মহানগর বিএনপি। মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশ এলাকা থেকে শতাধিক রিকশা নিয়ে একটি র্যালি বের করে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি জানায়, ৪ আগস্টের আন্দোলনে রিকশাচালকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অবদানের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একই দিন বিকেল ৩টায় জাতীয় ছাত্রশক্তি একটি গণমিছিল বের করে। মিছিল থেকে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাঁর ছবি প্রদর্শন করা হয়। এই কর্মসূচিটির নেতৃত্ব দেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর শোয়াইব ও সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন।
এদিকে, একই সময়ে অর্থাৎ বিকেল ৩টায় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের করে মহানগর বিএনপি। কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। মিছিল থেকে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসটি উৎসবমুখর পরিবেশে পালনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

