গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তার অংশ হিসেবে জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপালগঞ্জ একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগেভাগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। তিনি আরও জানান, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিগুলো যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত