তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের প্রশ্ন ও তীব্র সমালোচনা

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বুধবার ৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পরপর দুটি পোস্ট শেয়ার করেন। এর মধ্যে সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’

এর কয়েক মিনিট আগে সারজিস আরেকটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা একটি ডকুমেন্টারির কঠোর সমালোচনা করেন। তিনি জানান, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামগন্ধও ছিল না এবং ৩ আগস্টে ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ ছিল না।

সারজিস আলম তার পোস্টে অভিযোগ করেন, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির একটি দলীয় অভ্যুত্থান। তিনি আরও লেখেন, ‘ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে!’

বিএনপির উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন যে, এই ধরনের দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এছাড়া তিনি উল্লেখ করেন যে, শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমেই এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছে ফেলা সম্ভব নয়।