দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন পোস্টের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার ৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি সংক্ষিপ্ত বার্তা শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…’
তিশার এই পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তার এই বার্তার নিচে ভক্ত ও শুভানুধ্যায়ীরা প্রচুর মন্তব্য করেছেন এবং অনেকেই পোস্টটি শেয়ার করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করার জন্য পরিচিত তিশার এই মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, নুসরাত ইমরোজ তিশা আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেন। তবে পরবর্তীতে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর, তার অভিনীত সেই চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।

