বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করার পাশাপাশি তিনি শিবির সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।
নাছির উদ্দীন নাছির তার পোস্টে উল্লেখ করেন, ‘ছাত্রশিবির সভাপতির ‘‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’’- এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি।’ তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে এবং নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।
ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এখনও তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি বলে তিনি দাবি করেন। নাছির বলেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এখন তাদের প্রতিরোধ করতে শুরু করেছে এবং কোনো ছাড় দিচ্ছে না।
নাছির উদ্দীন নাছির তার পোস্টে আরও লেখেন, ‘১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।’ তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংঘাতে নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

