এলপিএল ফাইনালে জাফনা কিংস, হৃদয়ের ব্যাটে বিধ্বংসী জয়

এলপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পর প্রথম কোয়ালিফায়ারেও নিজেদের দাপট বজায় রেখেছে দলটি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গল গ্যালান্টসকে ২৪৩ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়ে জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জাফনা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল গল গ্যালান্টস। জাফনার হয়ে ওপেনিংয়ে কামিল মিশারা ও খাজা নাফে দুর্দান্ত শুরু করেন। অভিষকা ফার্নান্দো ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরলেও মিশারা ও নাফে ১৩৮ রানের জুটি গড়েন। বিপিএল থেকে পরিচিত মুখ পাকিস্তানি ব্যাটার নাফে ৩২ বলে ৫৪ রান করে আউট হন, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। দলীয় ১৭৩ রানে নাফের বিদায়ের পর ভানুকা রাজাপক্ষে নিজে না নেমে তাওহীদ হৃদয়ের ওপর ভরসা রাখেন।

ক্রিজে নেমেই হৃদয় শুরু করেন তাণ্ডব। গল গ্যালান্টসের বোলারদের ওপর চড়াও হয়ে তিনি একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন। বিশেষ করে ঈশান মালিঙ্গার করা ১৯তম ওভারে হৃদয় টানা দুটি ছক্কা মারেন। শেষ ওভারে প্রতিপক্ষ অধিনায়ক দাসুন শানাকাকে ছক্কা মেরে ইনিংস শুরু করেন এবং সেই ওভারে মোট ২২ রান সংগ্রহ করেন। মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করা হৃদয় শেষ পর্যন্ত ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা, আর স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪। হৃদয়ের এই ইনিংসের সামনে কামিল মিশারার ৫৫ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংসটিও ম্লান হয়ে যায়।

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে জাফনা কিংস ২৪২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। জবাবে গল গ্যালান্টস শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও জাফনার বিশাল লক্ষ্য টপকানো সম্ভব হয়নি। যদিও এই ম্যাচে বল হাতে সাকিব আল হাসান খুব একটা সুবিধা করতে পারেননি, তবুও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে জাফনা কিংস।

কন্টেন্ট: সংগৃহীত