ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই মাসের শহীদদের প্রতি অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। বরং তাকে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে তিনি উল্লেখ করেন।
ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি তরুণ শিক্ষার্থী প্রাণ বিসর্জন দিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে সরকার পতনের দিনে দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি সরাসরি শহীদদের প্রতি অবমাননা।
বিএনপির এ নেতা আরও বলেন, দেশে গ্যাস, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার অনুযায়ী জনগণকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করছেন। কিন্তু সরকারকে ব্যর্থ করার জন্য দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালেও তাকে ব্যর্থ করার জন্য নানা চক্রান্ত হয়েছিল, ঠিক একইভাবে এখনও চক্রান্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

