ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেশের গণতন্ত্র এবং অর্জিত স্বাধীনতাকে ক্ষুদ্র স্বার্থে নস্যাৎ করার যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, তরুণ ও ছোট ভাই-বোনেরা তাদের জীবনের বিনিময়ে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে এনেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্জিত গণতন্ত্র খর্ব করতে বা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ আঘাত হানলে জনগণ তা শক্ত হাতে রুখে দেবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, অতীতেও করেনি এবং ভবিষ্যতেও করবে না।

আজকের এই দিনটিকে বিজয়ের আনন্দের পাশাপাশি স্বজনহারাদের জন্য অত্যন্ত বেদনার দিন হিসেবে উল্লেখ করে তিনি আন্দোলন ও সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের আশু আরোগ্য কামনা করেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ জনসভায় অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত