কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে হাইকমিশন কর্তৃপক্ষ। দিনের কার্যক্রম শুরু হয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা সম্পন্ন করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো: খালেদ।

হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তাৎপর্য তুলে ধরেন। তিনি দেশ গঠনে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন কনস্যুলার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মিস আয়েশা আক্তার।

স্মরণানুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে আরও অংশ নেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ জিল্লুর রহমান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাশেদুজ্জামান রঞ্জু।

কন্টেন্ট: সংগৃহীত